পাটগ্রাম সীমান্ত থেকে যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৩:০৬ এএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকা থেকে রশিদুল ইসলাম নামে এক বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে। আটক রশিদুল ইসলাম পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের পশ্চিম জমগ্রাম গ্রামের আব্দুস সামাদের ছেলে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্র জানায়, পাটগ্রাম উপজেলার জমগ্রাম সীমান্তের বিপরীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার নিউ কুচলিবাড়ী এলাকা অবস্থিত। ওই সীমান্তের মেইন পিলার ৮০১ নম্বরের সাব-পিলার ১১ দিয়ে গভীর রাতে ভারতীয় চোরাকারবারীদের সহায়তায় রশিদুল ইসলাম ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করছিলেন।

এ সময় কোচবিহার জেলার ১৪৩ বিএসএফ ব্যাটালিয়নের নিউ কুচলিবাড়ী ক্যাম্পের টহলদল চোরাকারবারীদের ধাওয়া করলে অন্যরা পালিয়ে যায়। তবে রশিদুল ইসলামকে আটক করে বিএসএফ সদস্যরা ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ঘটনার পর রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের ডাংগাটারী ক্যাম্পের কমান্ডার বিএসএফের কুচলিবাড়ী ক্যাম্প কমান্ডারের কাছে পতাকা বৈঠকের জন্য চিঠি পাঠান।

রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আলদীন বলেন, ‘বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশি যুবককে ফেরত আনার চেষ্টা চলছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত