জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় নিখোঁজের তিনদিন পর আখ খেত থেকে আপেল মিয়া (২৩) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের মদনের চর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ।
নিহত আপেল মিয়া ওই এলাকার ফতুর আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোচালক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি রাতে আপেলকে প্রতিবেশি রিপন অটোরিকশা নিয়ে বের হতে বলেন। পরে আপেল বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। সেদিন থেকে নিখোঁজ ছিলেন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। আজ সকালে স্থানীয়রা আপেলের বাড়ির পাশে আখ খেতে তার মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেন।
আপেলের মা আনোয়ারা বেগম জানায়, তিনদিন আগে রাতে প্রতিবেশী আবদুল্লাহর ছেলে রিপন ভাড়া আছে বলে আপেলকে অটোসহ ডেকে নেয়। এর পর থেকেই আপেলের খোঁজ পাইনি। আজ ছেলের লাশ আঁখ ক্ষেতে পাওয়া গেলো। তার ছোট দুই সন্তান এতিম হয়ে গেল| আমি এ ঘটনার বিচার চাই।
এ বিষয়ে দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর আহাম্মদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ চলমান আছে।
