আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গোপালগঞ্জে শান্তিপূর্ণ পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে জেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে গ্রহণ করা হয়েছে সুসংগঠিত ও কার্যকর নিরাপত্তা পরিকল্পনা।
গোপালগঞ্জ সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে এমন যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতা বা সহিংসতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে যৌথ বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় সেনাবাহিনীর পরিকল্পিত ও পেশাদার কম্বিং অপারেশন অব্যাহত রয়েছে। পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশের নিয়মিত টহল কার্যক্রম বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তির অনুভূতি সৃষ্টি করেছে।
নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর করতে সেনাবাহিনীর সক্রিয় সহযোগিতায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
