শিল্পকলা একাডেমি, চট্টগ্রামে ‘৭ম চট্টগ্রাম বই বিনিময় উৎসব’-এর সকল ভলান্টিয়ারকে নিয়ে আয়োজিত হয়েছে ‘লেটস হেয়ার দ্য ভলান্টিয়ার’ নামে ভলান্টিয়ার আড্ডা, কর্মশালা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এই অনুষ্ঠানের আয়োজন করে স্টোরিটেলিং প্ল্যাটফর্ম ফেইল্ড ক্যামেরা স্টোরিজ।
গত ৯ জানুয়ারি জামালখানে সপ্তমবারের মতো আয়োজন করা হয় বই বিনিময় উৎসবের যেখানে যেকোনো বয়সী পাঠকের জন্যই সুযোগ ছিল বই বিনিময় করার। ফেইল্ড ক্যামেরা স্টোরিজ আয়োজিত এই বই বিনিময় উৎসবে ১১টি ক্যাটেগরিতে প্রায় ২৫ হাজার বই বিনিময় করা হয় এ দিনটিতে।
সাংগঠনিক দক্ষতা, সংগঠকের দায়িত্ব ও কর্তব্য এবং বই বিনিময় উৎসবের সম্ভাবনা শীর্ষক কর্মশালাটি পরিচালনা করেন ফেইল্ড ক্যামেরা স্টোরিজের পরিচালক সাইদ খান সাগর।
তিনি বলেন, সময়ের সাথে সাথে বই বিনিময় উৎসব চট্টগ্রামের মানুষের কাছে জীবনের এক উল্লেখযোগ্য অংশ হিসেবে গড়ে উঠেছে। এবারের বই বিনিময় উৎসবের আশাতীত সাড়া প্রমাণ করে আমরা বইপ্রেমীদের আস্থার জায়গায় পৌঁছে গেছি। সে জায়গা থেকে এখন আমাদের দায়িত্ব-কর্তব্য বেড়ে গেছে। বই বিনিময় উৎসবের কলেবর যত বাড়ছে আমাদের ততই নিজেদের দক্ষতা বাড়ানোর প্রয়োজন হয়ে পড়ছে। তাই প্রতিবার বই বিনিময় উৎসবের পর আমরা কর্মশালার আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় এবারের কর্মশালার আয়োজন।
সাগর জানান, এবারের কর্মশালার মূল ফোকাস আসন্ন ফেব্রুয়ারি থেকে দেশব্যাপী একত্রে বই বিনিময় উৎসব আয়োজনের জন্য দক্ষ ভলান্টিয়ার তৈরি। এ সময় তিনি আবির প্রকাশনী, অগ্নিবীণা পাঠাগার, খড়িমাটি প্রকাশনসহ যেসকল প্রতিষ্ঠান বই বিনিময় উৎসবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্মশালা শেষে আয়োজন করা হয় ভলান্টিয়ার আড্ডার। আড্ডায় প্রধান অতিথি ছিলেন উদ্যোক্তা সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন বই বিনিময় উৎসবের সহ-সমন্বয়ক কাজী রাকিব। অনুষ্ঠান পরিচালনা করেন অহনা বড়ুয়া। এ সময় আরো উপস্থিত ছিলেন সানজিদা রহমান, সাজেদ বিন হেলাল, আরমান হোসেন ও তূর্ণ পাল।
ভলান্টিয়ার আড্ডায় ভলান্টিয়াররা বই বিনিময় উৎসবে থাকতে পেরে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান। প্রচার-প্রচারণা থেকে শুরু করে উৎসবের দিন অবধি প্রায় একমাসের কঠোর পরিশ্রমের পর বইপ্রেমীদের আশাতীত সাড়া দেখে তাদের কষ্ট সার্থক হয়েছে এমনটাই জানান তারা। কেউ বা এই কাজের সাথে সম্পৃক্ত থাকতে পেরে বিভিন্ন ধরনের ব্যক্তিগত ও মানবিক গুণাবলি তৈরি করতে পেরেছেন জানান তারা। আড্ডা শেষে ভলান্টিয়ারদের সনদপত্র, বই ও পুরস্কার বিতরণ করা হয়।
এবার উদীয়মান সংগঠক পুরস্কার পেয়েছেন সুদীপ্ত পাল। সেরা ভলান্টিয়ারের পুরস্কার পেয়েছেন গোধুলি বড়ুয়া, তাহেরা আফিফা, সাইফ হাসনাত, কণিকা চক্রবর্তী, নাফিসা রাইদা খান, নওরীন আফরোজ দিয়া। ৬ষ্ঠ বই বিনিময় উৎসবে সর্বমোট ১২০ জন ভলান্টিয়ার বই বিনিময় উৎসব সফল করতে কাজ করেছেন। বই বিনিময় উৎসবের পৃষ্ঠপোষকতা করে আসছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও চট্টগ্রাম জেলা পরিষদ।
