কক্সবাজারের পেকুয়ায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ সৈনিক লীগ নেতাকে আটক করা হয়। এ ঘটনায় আরও ১ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৬টায় পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র, মেটাল ব্যাটন ও ৪টি কিরিচ উদ্ধার করা হয়।
আটকৃতরা হলেন— পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকা নাজেম উদ্দিনে পুত্র মো. মোকতার ও শাহীন আলম। আটক মোকতার উপজেলা সৈনিক লীগ নেতা।
আগামী ১২ ফেব্রুয়ারী সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যেকোন বিশৃঙ্খলা রোধে যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
অভিযানের বিষয়ে পেকুয়া থানার ওসি খাইরুল আলম জানান, যৌথ বাহিনীর অভিযানে পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া থেকে দেশীয় অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়। আটকৃতদের আদালত প্রেরণ করা হয়। তিনি আরও জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের গ্রেপ্তারে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করছে।
