জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, যারা ক্ষমতায় যাওয়ার আগে হুমকি, ভয়ভীতি, চাঁদাবাজি এবং দলীয় স্বার্থের জন্য নির্যাতন চালায়, তারা ক্ষমতায় গেলে সাধারণ মানুষ, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদ থাকবে না।
আজ বৃহস্পতিবার খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার সদর ইউনিয়ন, গুটুদিয়া ইউনিয়নের মির্জাপুর, গোলনা, খলশিসহ বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক, পথসভা, নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনদের ওপর যারা হুমকি-ধামকি দিচ্ছে, তারা ক্ষমতায় গেলে ডুমুরিয়ার মানুষ নিরাপদ থাকতে পারবে না। এই কারণে এবার লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতিসবই আমরা দমন করব। আমরা ৫৪ বছরের ব্যর্থ শাসকদের লাল কার্ড দেখাব।
তিনি অভিযোগ করেন, নির্বাচনী মাঠে ভীতি ছড়িয়ে জনগণকে নির্বাচন থেকে সরিয়ে রাখার চেষ্টা হচ্ছে। একটি মহল হিন্দু সম্প্রদায়ের মধ্যে পরিকল্পিত আতঙ্ক সৃষ্টি করছে। তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে হিন্দু ভোটারদের পা ভাঙা হবে, নারীরা সিঁদুর বা বোরখা পরে থাকতে বাধ্য হবে। এটি সম্পূর্ণ অপপ্রচার। ইসলামী শাসনের অধীনে সবাই নিরাপদ থাকবে।
ডুমুরিয়া উপজেলার ১১ নম্বর ডুমুরিয়া সদর ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক এবং সাজিয়াড়া মোড়সহ তার আশপাশ এলাকায় গণসংযোগ করে সাজিয়াড়া মোড়ে পথসভা ইউনিয়ন সেক্রেটারি মশিউর রহমানের সভাপতিত্বে ও ইজাজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
