পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মিরাজুল ইসলাম (৪৮) এবং তার স্ত্রী শামীমা আক্তারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে পৃথক দুটি মামলা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম বাদী হয়ে এ মামলা দুটি দায়ের করেন। যার মামলা নং- ০১/২০২৬ ও ০২/২০২৬।
দুটি মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় অপরাধ সংঘটিত হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, মিরাজুল ইসলামের বিরুদ্ধে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ নিরানব্বই কোটি বারো লক্ষ সাতাশি হাজার দশ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তাছাড়া আসামি মো. মিরাজুল ইসলাম সরকারি অর্থ আত্মসাতপূর্বক অপরাধলব্ধ অর্থের মোট দুই হাজার ছয়শত একানব্বই কোটি চুয়াল্লিশ লক্ষ চুরাশি হাজার উনসত্তর টাকা ৯টি ব্যাংকের বিভিন্ন শাখায় জমাপূর্বক অবৈধ আয়ের উৎস গোপন করার অসদুদ্দেশ্যে বিভিন্ন ব্যাংকের একাধিক শাখার মাধ্যমে দুই হাজার ছয়শত উনআশি কোটি সাইত্রিশ লক্ষ এগারো হাজার চারশত চার টাকা স্থানান্তর, হস্তান্তর, রূপান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
অপরদিকে আসামি মিসেস শামীমা আক্তার এর বিরুদ্ধে অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ চব্বিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ তিপ্পান্ন হাজার দুইশত একান্ন টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে ভোগদখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
তাছাড়া আসামি মিসেস শামীমা আক্তার, প্রোপ্রাইটর, মেসার্স শিমু এন্টারপ্রাইজ নামীয় ব্র্যাক ব্যাংকের হিসাব বিবরণী পর্যালোচনায় দেখা যায় অবৈধ অর্থের উৎস গোপন করার উদ্দেশ্যে একশত বাইশ কোটি উনচল্লিশ লক্ষ নিরানব্বই হাজার সাতশত আট টাকা স্থানান্তর করে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন।
এ মামলা দুটি অনুসন্ধান করেন দুদক পিরোজপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আমিনুল ইসলাম।
তবে দুদকের এ দুটি মামলার বিষয়ে জানার জন্য মিরাজুল ইসলাম এবং তার স্ত্রী শামীমা আক্তারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
সেরা নায়ক আফরান নিশো, সেরা নায়িকা পুতুল