ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার পররাষ্ট্র সচিব সিয়াম

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১০:৫২ এএম

বাংলাদেশের পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে ভারতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক সম্মতিপত্র (এগ্রিমো) চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রগুলোর ভাষ্য, গত সপ্তাহে এগ্রিমোর জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এখন ভারতের সম্মতির অপেক্ষায় রয়েছে ঢাকা।

আসাদ আলম সিয়াম ২০২৫ সালের ২০ জুন পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্থাপত্যে স্নাতক এবং নেদারল্যান্ডস থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের মাধ্যমে কূটনৈতিক ক্যারিয়ার শুরু করেন।

কর্মজীবনে তিনি যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিশ্বব্যাংক-আইএমএফে স্থায়ী প্রতিনিধি, অস্ট্রিয়ায় রাষ্ট্রদূত, ভিয়েনায় জাতিসংঘ কার্যালয়ে স্থায়ী প্রতিনিধি, ফিলিপাইনে রাষ্ট্রদূত, ইতালির মিলানে প্রথম কনসাল জেনারেলসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি চিফ অব প্রটোকল, ফরেন সার্ভিস একাডেমির রেক্টর এবং ইন্সপেক্টর জেনারেল অব মিশনস হিসেবেও দায়িত্ব পালন করেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, বাংলাদেশ-ভারত সম্পর্ক বর্তমানে পুনর্বিন্যাসের পর্যায়ে রয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ বেড়েছে। পর্যটক ভিসা কার্যক্রম পুনরায় চালু এবং যাত্রীবাহী বাস চলাচল আংশিকভাবে শুরু হওয়াকে এ প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, আসাদ আলম সিয়ামের সম্ভাব্য দিল্লি নিয়োগের পর নতুন পররাষ্ট্রসচিব নিয়োগ নিয়েও আলোচনা চলছে। কূটনৈতিক সূত্রগুলোর ধারণা, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দীন নোমান চৌধুরীকে পরবর্তী পররাষ্ট্রসচিব করা হতে পারে। তিনি ১৯৯৮ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন এবং নেপালে রাষ্ট্রদূত, নয়াদিল্লিতে ডেপুটি হাইকমিশনার ও জাতিসংঘে বাংলাদেশের মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত