সরকারি কর্মচারীর গণভোট প্রচারে মানা ইসির

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৬:১৭ এএম

সরকারি কর্মকর্তা বা প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কেউই আগামী ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে ভোট দিতে জনগণকে কোনো ধরনের আহ্বান জানাতে পারবেন না। এই ধরনের কার্যক্রম ভোটের ফলকে প্রভাবিত করতে পারে এবং এটা আইনত দ-নীয় অপরাধ। গতকাল বৃহস্পতিবার ইসি এ সংক্রান্ত চিঠি জারি করে।

গণভোটে কোনো পক্ষ না নিতে দেওয়া ইসির চিঠিতে বলা হয়, গণভোট অধ্যাদেশ, ‘২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলির প্রতি দৃষ্টি আকর্ষণ কর জানানো যাচ্ছে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোটবিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন; তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে বা ‘না’ এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। চিঠিতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম গণভোটের ফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দ-নীয় অপরাধ হিসেবে গণ্য হবে। এ বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে ইসি।

ঢাকা ও চট্টগ্রামের বিভাগীয় কমিশনার; ঢাকা, চট্টগ্রাম ও খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং দেশের সব জেলা প্রশাসককে চিঠি দিয়ে এই নির্দেশনা দিয়েছে ইসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত