জামায়াত নেতাকে হত্যার প্রতিবাদে ইবিতে শিবিরের বিক্ষোভ

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৬, ০৫:১৫ পিএম

দেশব্যাপী নৈরাজ্য-হামলা, নারী হেনস্থা ও জামায়াত নেতাকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। আজ শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করে।

এসময় শাখা শিবির সভাপতি ইউসুব আলী, সেক্রেটারী রাশেদুল ইসলাম রাফি, সাংগঠনিক সম্পাদক মো. জাকারিয়া ও প্রচার সম্পাদক মাহামুদুল হাসানসহ পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মিছিল পরবর্তী সমাবেশে শাখা শিবির সভাপতি ইউসুব আলী বলেন, ‘বৈষম্য দূর করে ইনসাফ কায়েমের জন্য জুলাই আন্দোলনে রক্ত দিয়েছি। কিন্তু একটি দল মনে করেছে তারা ক্ষমতায় এসেছে। লাগামহীনভাবে চাঁদাবাজি, খুন-ধর্ষণসহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছে। তারা শেরপুরে জামায়াত নেতাকে হত্যা করেছে। আমরা এই হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তারা মা-বোনদের গায়েও হাত তুলছে। তাদেরকে এমন রাজনীতি না করার অহ্বান জানাই। নির্বাচন নিয়ে কিছু মানুষ বিভিন্নভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। আমাদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, আপনারা পালানোর জায়গা খুঁজে পাবেন না।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত