জামায়াতের সেক্রেটারি জেনারেল রেজাউল করিম নিহত হওয়ার প্রতিবাদে শেরপুর জেলা শহরে জেলা জামায়াতের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে শহরের কলেজ মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশ বক্তব্য রাখেন শেরপুর-১ (সদর) আসনের জামায়াতের প্রার্থী ও সাবেক ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল, শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের জামায়াতের প্রার্থী গোলাম কিবরিয়া প্রমুখ।
সমাবেশে মাওলানা হাফিজুর রহমান বলেন, আমাদের ভাই শহীদ রেজাউলের হত্যার প্রতিশোধ হিসেবে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার নিরঙ্কুশ জয় ছিনিয়ে আনতে হবে। এই বদলা নেওয়ার ক্ষেত্রে যদি কেউ প্রতিবন্ধকতার সৃষ্টি করে তাহলে আমরা প্রাচীরের মতো দাঁড়িয়ে থাকব, শত শত রেজাউলের মতো আমরা রক্ত দিতে প্রস্তুত রয়েছি। সমাবেশে জেলা জামায়াতের আমির আজ শনিবার বিকেলে ঝিনাইগাতী উপজেলা স্টেডিয়ামে শহীদ রেজাউলের দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা করেন।
