নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের জামায়াত ও এনসিপি দুই দল একাট্টা হয়ে ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মাদ শাহজাহানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে করে এ আসনের ইসলামী জোটে চরম অনিশ্চয়তা দেখো দিয়েছে। এ আসনে জামায়াতের প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূইয়া নির্বাচনী লড়াইয়ে সুবিধাজনক অবস্থানে থাকলেও শেষ মুহুর্তে জোটের প্রার্থী করা হয় বাংলাদেশ খেলাফত মজলিসের মুহাম্মাদ শাহজাহানকে।
কিন্তু জোটের প্রার্থী ঘোষণার পর থেকে জোটের অন্য শরিকদের কেউই শাহজাহানের প্রচার প্রচারনায় নামেননি। বরং আলাদা আলাদা ভাবে ১১ দলীয় জোটের শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, আমার বাংলাদেশ পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন তাদের প্রচারনা অব্যাহত রেখেছে। ফলে এ আসনে ১১ দলীয় জোটে হযবরল অবস্থা দেখা দিয়েছে।
সর্বশেষ গত শনিবার বিকালে জোটের অপর শরিক দল এনসিপির সহযোগি সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তুহিন মাহমুদ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর দাড়ি পাল্লার পক্ষে প্রচারণায় নামেন। এনিয়ে জোটের শরিক দলের কর্মী সমর্থকদের মধ্যে চরম বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। মূলত এ আসনে জোটের শরিক দলের চারজন প্রার্থী প্রতীক পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ড. মো. ইকবাল হোসেন ভূইয়া (দাঁড়িপাল্লা), খেলাফত মজলিস’র মুহাম্মাদ শাহজাহান (রিকশা প্রতীক), আমার বাংলাদেশ পার্টি’র আরিফুল ইসলাম (ঈগল প্রতীক), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আতিকুর রহমান নান্নু মুন্সী (বটগাছ প্রতীক)।
এদিকে রবিবারর বিকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মাদ শাহজাহান ও তার কর্মী সমর্থকরা এক নির্বাচনী জনসভা করেন। এতে মুহাম্মদ শাহজাহান বলেন, এ আসনে নির্বাচন করার জন্য জোট তাকে মনোনীত করেছেন তাই তিনি নির্বাচন করছেন। তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার কোন নির্দেশনা আসেনি কিন্তু একটি মহল তার নামে গুজব ছড়াচ্ছে তিনি নাকি নির্বাচন থেকে সরে গেছেন।
যদিও গত ২৫ জানুয়ারি নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. ইকবাল হোসেন ভূইয়া ১১ দলীয় জোটের প্রার্থী মুহাম্মাদ শাহজাহানকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
এনসিপির সহযোগি সংগঠন যুবশক্তির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক তুহিন মাহমুদ জানান, মাঠের জরিপে ড. মো. ইকবাল হোসেন ভূইয়ার অবস্থান ভালো। তাই কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ি রবিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনে ১১ দলীয় জোটের প্রার্থী ড. মো. ইকবাল হোসেন ভূইয়ার নাম ঘোষনা করা হবে। এতে খেলাফত মজলিসের মুহাম্মাদ শাহজাহানকে সিদ্ধান্ত মেনে না নিলে এ আসনটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে তিনি জানান।
এব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মো. ইকবাল হোসাইন ভূইয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
খেলাফত মজলিস থেকে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী মুহাম্মাদ শাহজাহান জানান, একটি পক্ষ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। ভোটারদেরকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।
