ভোট একটি আমানত, প্রার্থী দেখে ভোট দিন: কায়সার কামাল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম

নেত্রকোনা-১ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ভোট একটি পবিত্র আমানত। এই আমানতটি সঠিক জায়গায় দেওয়া উচিত। যাদের ইতিহাস অসত্য, ঘুষ ও দুর্নীতিতে ভরা, তাদের ক্ষেত্রে এই আমানত দেবেন কি না, তা কিন্তু প্রশ্নের দাবি রাখে। তাই প্রার্থী দেখে ভোট দিন।

আজ রবিবার বিকেলে দুর্গাপুর পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ‘উলামা মাশায়েখ সম্মেলনে’ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দুর্গাপুর-কলমাকান্দার ধর্মপ্রাণ মুসলমান, যাদের অনুভূতিকে পুঁজি করে কেউ কেউ বিভিন্নভাবে প্রলোভন ও প্রতারণা করছেন—তাদেরকে আমি অনুরোধ করব প্রার্থীদের ইতিহাস জেনে দয়া করে ভোট দিন। যারা বারবার দল পাল্টায়—একবার নৌকায়, একবার লাঙ্গলে কিংবা অন্য কোনও দলের হয়ে নির্বাচন করে, তারা কিভাবে আপনাদের বিশ্বাস ধরে রাখবে? যে সমস্ত ভাইয়েরা আজকে ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন প্রতীকে তথাকথিত জোটের নামে ভোট কামনা করছেন, তাদের কাছে প্রশ্ন রাখতে চাই—আসুন আপনারাও আপনাদের প্রার্থীকে নিয়ে এইভাবে সমাবেশে সত্য কথা বলুন। আমি জানি আপনারা তা পারবেন না।

তিনি বলেন, নির্বাচনে জয়-পরাজয় আছে। মহান রাব্বুল আলামিন, যিনি দুই জাহানের মালিক, তিনি ঠিক করে রেখেছেন কাকে কবুল করবেন। কিন্তু আমাদের এই পবিত্র ধর্ম নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। কে কাকে ভোট দেবেন তা একান্তই ব্যক্তিগত বিষয়; তবে যেভাবে ধর্মের অপব্যবহার করা হচ্ছে, সে ব্যাপারে নিশ্চয়ই আলেম-ওলামাদের এগিয়ে আসা উচিত।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ৯১ সালের জাতীয় নির্বাচনে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন—‘ওদের হাতে গোলামির জিঞ্জির, আমার হাতে স্বাধীনতার পতাকা।’ এই স্লোগানের মাধ্যমে সে সময় তৌহিদী জনতা বিজয় ছিনিয়ে এনেছিল। আমি ওই স্লোগানকে অনুকরণ করে বলতে চাই—ওদের হাতে অসততা ও দুর্নীতির পতাকা, আর আমাদের হাতে শতভাগ সততার পতাকা।

নিজের সম্পর্কে তিনি বলেন, ছাত্ররা সারাদিন পড়াশোনা করে পরীক্ষায় অংশ নেয় এবং পাস করে। আমি শুধু বলব, আমাকে একবার পরীক্ষায় পাস করিয়ে দেখেন আমি আমার কথা রাখতে পারি কি না। আমার দেওয়া ওয়াদা যদি আমি বরখেলাপ করি, তাহলে কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসব না। এই হিকমত আমার আছে, আল্লাহর নাম নিয়ে আমি এই কথা বলতে পারি।

বিএনপি ও জমিয়তে উলামায়ে ইসলাম দুর্গাপুর উপজেলা এবং পৌর শাখার আয়োজনে এই উলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জমিয়তে উলামায়ে ইসলামের নেত্রকোনা জেলা শাখার সভাপতি মুফতি মোহাম্মদ তাহের কাসেমীসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত