কারাগার থেকে আসামির পলায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় ৬ কারারক্ষীসহ আটজন বরখাস্ত

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩০ এএম

কাগজ জালিয়াতি করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে হৃদয় (২৮) নামে এক হাজতি মুক্ত হয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ছয় কারারক্ষীসহ আটজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং ব্রাহ্মণবাড়িয়ায় সদর মডেল থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটলেও তা জানাজানি হয় শনিবার সন্ধ্যায়।

বরখাস্তকৃতরা হলেন ডেপুটি জেলার মো. আজহারুল ইসলাম, প্রধান কারারক্ষী শাহাদাত হোসেন, কারারক্ষী মোরশেদ আলম, মো. হানিফ মিয়া, মোহাম্মদ জাহিদ হাসান, মোহাম্মদ আবু খায়ের, রবিউল আলম ও শাহাবউদ্দিন।

মামলার আসামিরা হলেন পলাতক হাজতি জেলার কসবা উপজেলার নিমবাড়ি এলাকার মুজিবুর মিয়ার ছেলে হৃদয়, নবীনগর উপজেলার কৃষ্ণনগরের বাসিন্দা হাজতি দিদার হোসেন, একই উপজেলার নান্দুরা পূর্বপাড়ার বাসিন্দা হাজতি বিল্লাল মিয়া, সদর উপজেলার পাঘাচংয়ের বাসিন্দা কয়েদি মো. পলাশ হোসেন, কসবা উপজেলার কোন্নাবাড়ির বাসিন্দা কয়েদি আক্তার হোসেন ছোটন, সিলেট জেলার সুলতানপুরের বাসিন্দা হাজতি শিপন মিয়া, কসবা উপজেলার সোনারগাঁওয়ের বাসিন্দা হাজতি মনির হোসেন। মামলায় অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজনকে আসামি করা হয়েছে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার এসআই মো. মোমিনুল ইসলাম বলেন, সাত আসামির মধ্যে গতকাল দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পালিয়ে যাওয়া হৃদয়কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত