নারী নিয়ে আপত্তিকর পোস্ট বিষয়ে জামায়াত আমিরের ক্ষমা প্রার্থনা

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৭ এএম

রাষ্ট্রপতির দপ্তর বঙ্গভবনের একটি সরকারি ইমেইল ব্যবহার করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ‘ডিভাইস’ হ্যাক করেছে হ্যাকাররা। এরপর সেই ডিভাইসে খোলা থাকা তার ছবিযুক্ত দাপ্তরিক এক্স-অ্যাকাউন্টে (সাবেক টুইটার) কর্মজীবী নারীদের সম্পর্কে একটি ‘আপত্তিকর’ পোস্ট দেওয়া হয়। জামায়াতে ইসলামী গতকাল রবিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি করেছে।

জামায়াত আমির এ পোস্টে প্রকাশিত বক্তব্যের বিষয়ে ক্ষোভ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন। গতকাল শেরপুরে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে এ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘হ্যাক হওয়া পোস্টের কারণে যদি কোনো মা-বোন কষ্ট পেয়ে থাকেন, তবে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি।’

ডা. শফিকুর রহমান বলেন, হ্যাকিংয়ের পর একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিষয়টি নিয়ে হইচই শুরু করেছে। মিছিল করেছে। যারা প্রকৃত অর্থে মায়েদের সম্মান করে না, তারাই এ পরিস্থিতিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে।

জামায়াতের দাবি, রাষ্ট্রপতির দপ্তরের একজন সহকারী প্রোগ্রামারের দাপ্তরিক ইমেইল ব্যবহার করে আমিরের ‘ডিভাইস’ নিয়ন্ত্রণে নেওয়া হয়। এরপর তার এক্স-হ্যান্ডেলে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর পোস্টটি দেওয়া হয়।

গতকাল সকালে রাজধানীর মগবাজারে কার্যালয়ে সংবাদ সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন, ‘ডিভাইস হ্যাক করে’ দলের আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের সম্পর্কে ‘জঘন্য আপত্তিকর’ পোস্ট দেওয়া হয়। জামায়াত ও দলের আমিরকে হেয়প্রতিপন্ন করতে এটা করা হয়েছে। এ বিষয়ে হাতিরঝিল থানায় শনিবার রাতে জিডি করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, একটি দল জামায়াতের নারী কর্মীদের ওপর হামলা করে নারীবিদ্বেষী হিসেবে ভোটের মাঠে পরিচিতি পেয়েছে। নির্বাচনে নারীদের কাছে প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে হ্যাকের মাধ্যমে জামায়াতকে হেয় করতে চাইছে। জামায়াত সবকিছু আজ নির্বাচন কমিশনকে জানাবে, ব্যবস্থা নিতে হবে।

জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য প্রকৌশলী সিরাজুল ইসলাম একটি তথ্যচিত্র তুলে ধরে বলেন, শনিবার বিকেল ৪টা ৩৭ মিনিটে জামায়াত আমিরের এক্স-অ্যাকাউন্ট থেকে নারীদের সম্পর্কে আপত্তিকর পোস্ট দেয় হ্যাকাররা। ওই সময় আমির কেরানীগঞ্জের কোনাখোলা মাঠে নির্বাচনী জনসভায় বক্তৃতা করছিলেন। এর লাইভ ভিডিও রয়েছে। ফলে জামায়াত আমিরের পক্ষে তখন পোস্ট করা সম্ভব ছিল না। পোস্টের বিষয়টি জামায়াতের তথ্যপ্রযুক্তি টিমের নজরে আসে ৪টা ৫৩ মিনিটে। বিকেল ৫টা ৯ মিনিটে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদল করা হয়। ৫টা ২২ মিনিটে এক্স-অ্যাকাউন্ট হ্যাকের বিষয়টি জানানো হয়। তার আগেই ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের এক্স-অ্যাকউন্ট থেকে আপত্তিকর ওই পোস্টটি শেয়ার করে এর বাংলা অনুবাদ দেওয়া হয়।

এক্স-অ্যাকাউন্ট হ্যাক হলে উদ্ধারে তিন দিন পর্যন্ত লাগে। তাহলে জামায়াত কী করে আধঘণ্টায় অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ফেরত পেল এমন প্রশ্নে তথ্যপ্রযুক্তিবিদ মাহমুদ আলম বলেন, আমিরের এক্স-অ্যাকাউন্ট নয়, হ্যাক হয়েছিল ডিভাইস। সেই ডিভাইসে এক্স-অ্যাকাউন্ট লগইন করা ছিল। ডিভাইস নিয়ন্ত্রণ নেওয়ার মাধ্যমে হ্যাকাররা এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট দেয়।

ডিভাইস কীভাবে হ্যাক হলো, এমন প্রশ্নের জবাবে মাহমুদুল আলম তথ্যচিত্র তুলে দাবি করেন, গত ২৩ জানুয়ারি বঙ্গভবনের একজন সহকারী প্রোগ্রামারের ব্যবহৃত সরকারি ইমেইল থেকে আমিরের ইমেইলে একটি মেইল আসে। এতে লেখা ছিল ‘নির্বাচনসংক্রান্ত জরুরি তথ্য’। সরকারি ইমেইল হওয়ায় আমিরের একটি ডিভাইস থেকে মেইলের অ্যাটাচমেন্ট খোলা হয়। এ ‘ফিশিং অ্যাটাচমেন্টে’ ক্লিকের কারণে ওই ডিভাইসের নিয়ন্ত্রণ হ্যাকারদের কাছে চলে যায়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের কয়েকজন নেতার কাছেও একই ইমেইল ঠিকানা থেকে মেইল যায়।

আমিরের এক্স-হ্যান্ডেলে দেওয়া পোস্টটির একটি অংশে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি যে আধুনিকতার নামে যখন নারীদের ঘর থেকে বের করে দেওয়া হয়, তখন তারা শোষণ, নৈতিক অবক্ষয় এবং নিরাপত্তাহীনতার মুখোমুখি হয়। এটি পতিতাবৃত্তির আরেকটি রূপ ছাড়া আর কিছুই নয়।’ গত শনিবার বিকেলে আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে নারীদের নিয়ে করা অবমাননাকর পোস্টটি ভাইরাল হয়।

বঙ্গভবন কী বলছে : একজন সহকারী প্রোগ্রামারের দাপ্তরিক ইমেইল ব্যবহার করে জামায়াতের আমিরের ডিভাইস হ্যাক করার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বঙ্গভবনের একটি সূত্র গতকাল সন্ধ্যায় দেশ রূপান্তরকে জানায়, রাষ্ট্রপতির দপ্তর থেকে অভিযোগটি তদন্তের জন্য ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি বিভাগকে বলা হয়েছে। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে।

বঙ্গভবন সূত্রের দাবি, প্রাথমিক তথ্য অনুযায়ী পাশর্^বর্তী একটি দেশ থেকে সহকারী প্রোগ্রামারের দাপ্তরিক ইমেইল ‘ব্যবহার করে’ জামায়াত আমিরের ডিভাইস হ্যাক করা হয়ে থাকতে পারে।

প্রশ্ন বিএনপির : জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’ হয়ে থাকলে থানায় জিডি করতে কেন ১২ ঘণ্টা সময় লাগল, সেই প্রশ্ন তুলেছে ভোটের মাঠে জামায়াতের শক্ত প্রতিদ্বন্দ্বী বিএনপি। বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, ‘জামায়াতের আমিরের অ্যাকাউন্টে নারীদের নিয়ে পোস্টটি সত্য হলে, তা অত্যন্ত দুঃখজনক। যদি হ্যাক হয়ে থাকে, তাহলে তা সঙ্গে সঙ্গেই জনগণকে অবহিত না করে কেন ১২ ঘণ্টা পরে জিডি করা হলো?’ গতকাল রবিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ প্রশ্ন তোলেন। পোস্টটির বিষয়ে নিন্দা জানিয়ে বিএনপি নেতা বলেন, এর আগেও জামায়াতের এক নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের নিয়ে নেতিবাচক মন্তব্য করেছেন। জামায়াত বরাবরই নারীবিদ্বেষী। তারা বিভিন্ন সময়ে নারীদের ছোট করে কথা বলে আসছে। তাদের কোনো নারীকে প্রার্থী করা হয়নি, অথচ নির্বাচনী প্রচারণায় তারা নারীদের ব্যবহার করছে।

জাতীয় পার্টি : গতকাল রংপুর নগরীর সুপার মার্কেট এলাকায় গণসংযোগের সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেন, দেশের চরিত্র শেষ করে জঙ্গিরাষ্ট্র করার চেষ্টা করা হচ্ছে। যেখানে নারীরা কাজ করতে পারবে না। কর্মজীবী নারীদের খারাপভাবে চিহ্নিত করা হচ্ছে। তাদের রাস্তায় নামতে দেবে না, স্বাভাবিক জীবনযাপন করতে দেওয়া হবে না।

ঢাবিতে বিক্ষোভ : ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের বিষয়ে চরম অবমাননাকর ও আপত্তিকর মন্তব্য প্রকাশের অভিযোগ এনে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ছাত্রদলের নেতকার্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে অপরাজেয় বাংলার পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জামায়াত আমিরকে অবশ্যই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। তিনি ক্ষমা না চাইলে বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে, জামায়াত নেতার পোস্টের প্রতিবাদে ‘ঝাড়ু মিছিল’ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থি সংগঠনের নেতাকর্মীরা। গতকাল রাজু ভাস্কর্যের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। সমাবেশে ছাত্র ফেডারেশনের ঢাবি শাখার সংগঠক সীমা আক্তার বলেন, বাংলাদেশে এখন নারীদের অধিকার নিয়ে কথা বললেই অনলাইনে বুলি করা হয়। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মীরা ভুয়া ও বট আইডির মাধ্যমে নারীদের সোশ্যাল মিডিয়াগুলোতে আক্রমণ চালাচ্ছেন। ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বারই বলেন, জামায়াত আমিরের বক্তব্যকে ‘আইডি হ্যাক’ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জনগণের সামনে এর প্রমাণ দিতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত