আসিফ মাহমুদ বললেন

ঋণখেলাপি ও বিদেশি পাসপোর্টধারীদের ভোট দেবেন না

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

সাবেক উপদেষ্টা, এনসিপির মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া ঋণখেলাপি ও বিদেশি পাসপোর্টধারীদের ভোট না দিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, তারা শীতকালের অতিথি পাখির মতো। নির্বাচনে না জিতলে তারা অতিথি পাখির মতো আবার বিদেশে চলে যাবে। যারা ব্যাংকের ঋণ পরিশোধ না করে ঋণখেলাপি হয়ে হাজার হাজার কোটি টাকা কামিয়েছে তাদের ভোট দিলে জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না। গতকাল রবিবার বেলা ১১টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিসিক বাসস্ট্যান্ড এলাকায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেশ জুড়ে নির্বাচনী পদযাত্রার অংশ হিসেবে আয়োজিত পথসভায় ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূইয়া প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, কেউ দুবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। এ জন্য অবশ্যই আমাদের হ্যাঁ জয়যুক্ত করতে হবে। আমরা ইদানীং দেখেছি প্রায় সব রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিয়েছে। শুধু মাত্র সঘোষিত দিল্লির একটি দল ছাড়া মোটামুটি সবকটি দল হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছে।

এনসিপি আয়োজিত নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে অনুষ্ঠিত এ পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী এস এম সাইফ মোস্তাফিজ, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির মিজানুর রহমান, এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত