জানুয়ারির মাঝামাঝি ঘূর্ণিঝড় 'হ্যারি'র কারণে মধ্য ভূমধ্যসাগরে প্রায় ১,০০০ অভিবাসী নিখোঁজ থাকতে পারে বলে জানিয়েছে ইতালিভিত্তিক দাতব্য সংস্থা মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস।
সোমবার (২ ফেব্রুয়ারি) সংস্থাটির প্রেসিডেন্ট লরা মারমোরালে এক বিবৃতিতে বলেছেন, মধ্য ভূমধ্যসাগরীয় পথে সম্প্রতি বছরের সবচেয়ে বড় ট্র্যাজেডির চিত্র ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠছে। গত ২০ বছরে এ অঞ্চলে রেকর্ডকৃত সবচেয়ে বিপদজনক সামুদ্রিক পরিবেশ হিসেবে এই পরিস্থিতি বর্ণনা করেছে সংস্থাটি এবং সতর্ক করেছে যে, এটি সাম্প্রতিক বছরগুলোর অভিবাসন রুটে অন্যতম প্রাণঘাতী দুর্ঘটনা হতে পারে। তারা ইতালি ও মাল্টার কর্তৃপক্ষকে পর্যাপ্ত তথ্যের অভাব ও উদ্ধার তৎপরতার সীমাবদ্ধতার সমালোচনা করেছে।
রোমের মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের তথ্য অনুযায়ী, ২৪ জানুয়ারি পর্যন্ত অন্তত ৩৮০ জন সমুদ্রে নিখোঁজ বলে নিশ্চিত করা হয়েছে। এই ঘটনায় টিউনিসিয়ার স্ফ্যাক্স থেকে ১৪–২১ জানুয়ারির মধ্যে যাত্রা করা আটটি পৃথক নৌযান জড়িত। অধিকাংশ নৌকায় নারী ও শিশু ছিলেন, কিন্তু এখনও পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি।
স্থানীয় অভিবাসী সম্প্রদায়ের সাক্ষ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর চাপ বাড়ার এবং সৈকতের নিয়ন্ত্রণ কিছুটা শিথিল হওয়ার কারণে একাধিক নৌবহর রওনা হয়েছিল, তবে অনেক নৌযান আর ফিরে আসেনি। ২২ জানুয়ারি মাত্র একটি নৌযান লাম্পেদুসায় পৌঁছায়, যেখানে একজন মৃত যাত্রী ছিল, এবং এক বছরের যমজ শিশু সমুদ্রে নিখোঁজ হয়। সাম্প্রতিক দিনগুলোতে মাল্টার কর্তৃপক্ষ সমুদ্রে বহু মরদেহ উদ্ধার করেছে। সংস্থাটি সতর্ক করেছে, এ দুর্ঘটনার মাত্রা প্রমাণ করছে যে, এ অঞ্চলে সামুদ্রিক উদ্ধার ও সমন্বয়ের ক্ষেত্রে এখনো জরুরি শূন্যস্থান রয়েছে।
