যৌথ বাহিনীর হাতে পিস্তলসহ যুবক আটক

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫২ পিএম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ মো. নাঈম (২০) নামে এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সরিষাবাড়ী থানায় তাকে সোপর্দ করা হয়। এর আগে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ২টার পর উপজেলা পিংনা ইউনিয়নের দৌলতপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।

আটক মো. নাঈম উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে।

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদার। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার পর দৌলতপুর এলাকায় সাইফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি চাপাতি, ৪টি মোবাইল জব্দ করা হয়। এ সময় নাইমকে আটক করে যৌথ বাহিনী। দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার সকালে আটক নাইমকে সরিষাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, যৌথ বাহিনীর অভিযানে নাঈম নামে একজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খুব দ্রুত তাকে আদালতে প্রেরণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত