৬০ হাজার চালককে প্রশিক্ষণ দেবে বিআরটিসি

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ এএম

৬০ হাজার গাড়িচালককে প্রশিক্ষণ দেবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এ লক্ষ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের  (বিআরটিসি) মধ্যে গত বৃহস্পতিবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়। রাজধানীর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সম্মেলনকক্ষে বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের পক্ষে পরিচালক মোহাম্মদ সাব্বির হাসান খান এবং বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের পক্ষে চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা এ চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগর সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ সময় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের ৩টি প্রকল্প বাস্তবায়ন ইউনিটের কর্মকর্তারা এবং বিশ্বব্যাংকসহ উন্নয়ন সহযোগী অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সড়ক নিরাপত্তাজনিত চ্যালেঞ্জসমূহ মোকাবিলা তথা দেশের উন্নয়ন অগ্রগতিকে আরও বেগবান এবং টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ কর্তৃক ‘বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের উদ্দেশ্য হলো সড়কে দুর্ঘটনাজনিত হতাহত ও গুরুতর আঘাতের সংখ্যা হ্রাসকরণ এবং প্রকল্প সংশ্লিষ্ট এজেন্সিগুলোর সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধি করা। এ প্রশিক্ষণ কার্যক্রম সারা দেশে বিদ্যমান বিআরটিসি’র ২৭টি ট্রেনিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত