কুড়িগ্রামে মাদকসহ আটক ৪

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৪ পিএম

কুড়িগ্রামে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চার মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।  শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-১৩।

আটকরা হলেন নাছির উদ্দিন (৩২), শুভ মিয়া (২১), আলমগীর (৩৫) ও রমজান আলী (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জেলার নাগেশ্বরী উপজেলার  শুকুরটারী গ্রামের জনৈক আব্দুল মজিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তার হাতে থাকা বস্তা তল্লাশি করে ৫ কেজি ১ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

একই দিন ফুলবাড়ী নন্দিরকুঠি গ্রামের জুমারপাড় বাজার এলাকায় ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে একটি চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করে তেলের ট্যাংকি ও সিটের নিচে বিশেষ কায়দায় লুকানো ৯৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  মোটরসাইকেলসহ তিন আরোহীকে আটক করা হয়।

জব্দকৃত মাদকসহ আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‍্যাব-১৩, রংপুরের সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত