রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির কারণে ভারতীয় পণ্যের ওপর আরোপিত অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে ঘোষিত ২ দেশের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি কার্যকর করার লক্ষ্যে গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি। ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে বলা হয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। দিল্লি যুক্তরাষ্ট্রের জ্বালানি পণ্য কিনবে। সেইসঙ্গে ভারত আগামী ১০ বছর ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা সম্প্রসারণের একটি রূপরেখা তৈরিতেও সম্প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। যুক্তরাষ্ট্রের দেশটির স্থানীয় সময় শনিবার রাত ১২টা ১ মিনিট (ইস্টার্ন টাইম) থেকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হয়।
ভারতীয় পণ্যের ওপর থেকে শুল্ক কমাতে বাণিজ্যচুক্তির ঘোষণা দেওয়ার কয়েক দিন পরই এ নির্বাহী আদেশ জারি করলেন ট্রাম্প। নতুন চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর পাল্টা শুল্কের হারও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনবে। তবে এই শুল্ক হ্রাসের বিষয়টি ধাপে ধাপে কার্যকর হবে। ভারত রাশিয়ার তেলের অন্যতম শীর্ষ ক্রেতা। সাম্প্রতিক মাসগুলোতে তারা ওই তেল কেনা খানিকটা কমিয়েছে বলে একাধিক গণমাধ্যম খবর দিলেও মস্কো বা নয়াদিল্লির কাছ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানা যায়নি। এদিকে ওয়াশিংটন বলেছে, ভারত যুক্তরাষ্ট্রের কাছ থেকে এবং ভেনেজুয়েলা থেকে তেল কিনবে বলে তাদের আশ্বস্ত করেছে।
দুই দেশের মধ্যকার অন্তর্বর্তীকালীন বাণিজ্য রূপরেখায় নির্দিষ্ট কিছু উড়োজাহাজ ও যন্ত্রাংশের ওপর থাকা শুল্ক বাধাও সরিয়ে নেওয়া হচ্ছে বলে শুক্রবার পৃথক এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউজ। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ভারত আগামী ৫ বছরে যুক্তরাষ্ট্র থেকে ৫০ হাজার কোটি ডলার মূল্যের জ্বালানি পণ্য, বিমান ও যন্ত্রাংশ, মূল্যবান ধাতু, প্রযুক্তি পণ্য ও ইস্পাত তৈরিতে ব্যবহৃত বিশেষ ধরনের কোকিং কয়লা কিনতে আগ্রহও দেখিয়েছে। ফলে ভারতীয় পণ্যের ওপর থেকে শুল্ক প্রায় দুই-তৃতীয়াংশ কমে এসেছে।
