গাজীপুর-৫ আসনে জনতার দলের মহাসচিব ও কলম প্রতীকের প্রার্থী আজম খান বলেছেন, নির্বাচিত হলে চাঁদাবাজি, সন্ত্রাসমুক্ত কালীগঞ্জ উপহার দেওয়া হবে। সব ধরনের সাধারণ চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে স্যাটেলাইট পদ্ধতিতে ক্যামেরার আওতায় আনা হবে এবং প্রথম তিন মাসের মধ্যে বক্তারপুর ও জাঙ্গালিয়া ইউনিয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে।
গতকাল শনিবার কালীগঞ্জ উপজেলার মুক্তারপুর এলাকায় বেরুয়া এলাকায় এক নির্বাচনী সমাবেশে তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, গাজীপুর-৫ আসনে কোনো ধরনের চুরি ডাকাতি হলে তদন্ত ও যুক্তি প্রমাণ সাপেক্ষে ৭২ ঘণ্টার মধ্যে তার সমপরিমাণ অর্থ পরিশোধ করা হবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জনতার দল গাজীপুর জেলা কমিটির সভাপতি হাজি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক আবু জাফর রিপন, জনতার দলের নেতা শাহজাহান, সিরাজউদ্দিন প্রমুখ।
