গোলাম পরওয়ার বললেন

নির্বাচনের সময় আন্দোলনের নামে অস্থিরতা নয়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১ এএম

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারি কর্মচারীদের বেতন ও পে-স্কেল সংক্রান্ত দাবি নির্বাচনের পর রাজনৈতিক সরকারের মাধ্যমে নিষ্পত্তি করা যেতে পারে। গতকাল শনিবার খুলনা জেলার ফুলতলা উপজেলা স্বাধীনতা চত্বরে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

সরকারি কর্মচারীদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, তাদের দাবি যুক্তিসংগত হলেও নির্বাচনকে কেন্দ্র করে এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয়, যাতে নির্বাচন-পূর্ব পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। যে কোনো দাবি নিয়মতান্ত্রিকভাবে তোলা উচিত।

সরকারি কর্মচারীরা দেশপ্রেমিক নাগরিক ও ভোটার উল্লেখ করে তিনি বলেন, মাত্র কয়েকদিন পরই নির্বাচন। এই সময়ে অস্থিরতা সৃষ্টি না করাই সমীচীন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, নির্বাচনে একটি পক্ষ বিপুল পরিমাণ কালো টাকা ব্যবহার করে সহিংসতা ও নাশকতার পরিকল্পনা করছে। টাকা ব্যয় করে চিহ্নিত দাগি পুরাতন সন্ত্রাসী যারা কারাগারে ছিল, যারা লুকিয়ে ছিল তাদের বাইরে আনা হচ্ছে। কালো টাকা ছড়ানোর বিষয়টি তদন্তের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। তিনি ঘোষণা দেন, ১১ দলীয় ঐক্য বিজয়ী হলে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করা হবে।

ফুলতলা উপজেলা আমির অধ্যাপক আব্দুল আলিম মোল্লার সভাপতিত্বে এ জনসভায় বিশেষ অতিথি ছিলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইনসহ অন্যরা।

হুজাইফার মৃত্যুতে শোক : মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা গুলিতে আহত হয়ে দীর্ঘ ২৭ দিন লড়াই শেষে টেকনাফের শিশু হুজাইফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, সীমান্ত এলাকার মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। সীমান্তে চলমান অস্থিরতার কারণে এভাবে নিরীহ মানুষ প্রাণ হারাবে এটা মেনে নেওয়া যায় না। অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত