যে কারণে উদ্বিগ্ন বিএনপি প্রার্থী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৩ পিএম

মোল্লাকান্দিতে অবৈধ অস্ত্রের ব্যবহার ও বোমাবাজির ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন মুন্সীগঞ্জের মুন্সীগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতন। আসন্ন জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত ও শান্তিপূর্ণ রাখতে অবিলম্বে মোল্লাকান্দির সকল অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন  তিনি। গজারিয়ার ভবেরচর বাজারের গজারিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান। ​

মোল্লাকান্দির সহিংসতায় নিজের সমর্থকদের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করে কামরুজ্জামান রতন বলেন, কিছু গণমাধ্যমে খবর এসেছে যে, এই ঘটনার সাথে আমার সমর্থকরা জড়িত। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এর সাথে আমার কোনো কর্মী বা সমর্থকের সংশ্লিষ্টতা নেই। মোল্লাকান্দিতে যা ঘটেছে তা মূলত দীর্ঘদিনের গোষ্ঠীগত বিরোধ। ​তিনি আরও বলেন, মোল্লাকান্দিতে আজকের ঘটনার সময় আমি পঞ্চসার ইউনিয়নে নির্বাচনী প্রচারে ব্যস্ত ছিলাম। সেখান থেকেই খবরটি পাই। এসব অবৈধ অস্ত্র আসন্ন নির্বাচনে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই জনস্বার্থে প্রশাসনের কাছে আমার আবেদন আপনারা অভিযান চালিয়ে দ্রুত এ অস্ত্র উদ্ধার করুন।

শনিবার (৭ফেব্রুয়ারি) রাতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি, কেন্দ্রীয় বিএনপি নেত্রী শাম্মি আহমেদ, যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন সবুজ, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা চৌধুরী তপন, উপজেলা যুবদলের আহ্বায়ক কেএম খন্দকার জালাল রীমু, সদস্য সচিব নাজির শিকদার এবং ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত