গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে চট্টগ্রামে ১১ দলীয় ঐক্যের ‘রোড শো’ 

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ পিএম

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় করার লক্ষ্যে রবিবার (৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীতে রোড শো করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। 

রোড শো উদ্বোধন করতে গিয়ে চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির মুহাম্মদ নজরুল ইসলাম একটি নতুন ও ভারসাম্যপূর্ণ বাংলাদেশ গড়তে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, গণভোট একটি গুরুত্বপূর্ণ জাতীয় সিদ্ধান্তের অংশ, যেখানে জনগণের সচেতন ও সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। গণভোটের গুরুত্ব এবং ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা সাধারণ মানুষের কাছে তুলে ধরতেই আজকের এই কর্মসূচি।

বিকেল তিনটায় নগরীর বহদ্দারহাট মোড় থেকে শুরু হয়ে ২ নম্বর গেট, জিইসি মোড়, লালখান বাজার, টাইগারপাস, দেওয়ানহাট মোড়, আগ্রাবাদ মোড়, কাস্টমস মোড়, সল্টগোলা, ইপিজেড মোড়, বন্দরটিলা ও স্টিল মিল অতিক্রম করে পতেঙ্গায় গিয়ে শেষ হয়।

১১ দলের সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলন চট্টগ্রাম মহানগরীর নায়েবে আমির মাওলানা মুহিদুল ইসলাম, খেলাফত মজলিসের চট্টগ্রাম মহানগর সভাপতি খুরশীদ আলম, বাংলাদেশ নেজাম ইসলাম পাটির নায়েবে আমির মাওলানা মুবিনুল হক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহানগর সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, আমার বাংলাদেশ পাটির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, লেবার পাটির মহানগর সেক্রেটারি আফসার উদ্দিন, এনসিপির মহানগর যুগ্ম সমন্বয়কারী মীর শোয়াইব, বিডিপির চট্টগ্রাম মহানগরসহ সভাপতি অ্যাডভোকেট আব্দুল মোতালেব প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত