জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির, কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, সন্ত্রাসীরা খুবই দুর্বল। ভারতীয় আতশবাজিকে কোনো ভয় নয়, কেন্দ্র দখল করতে এলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে। চারিদিকে দাঁড়িপাল্লার গণজোয়ার বইছে। এ জোয়ারকে তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।
তিনি বলেন, দাঁড়িপাল্লা ক্ষমতায় এলে আগামীতে দেশে উন্নয়নের ব্যাপক আয়োজন সৃষ্টি হবে। তাই ভোটের দিন সবাইকে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছি। ফল না আসা পর্যন্ত নির্বাচনের দিন প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আপনাদের। কেন্দ্রে কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম করতে এলে শক্ত হাতে সেসব সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে।
গতকাল রবিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের পায়েরখোলা উচ্চ বিদ্যালয় মাঠে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, ইউনিয়ন ব্যাংকের সাবেক এমডি সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ সালেহ, হাব’র সাবেক প্রেসিডেন্ট সৈয়দ গোলাম সারোয়ার।
