পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা সহিদুল আলম তালুকদারকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন গণঅধিকার পরিষদ মনোনীত ট্রাক প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান। গতকাল রবিবার দুপুর ১২টায় বাউফল পৌরসভার পাবলিক মাঠসংলগ্ন উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
লিখিত বক্তব্যে হাবিবুর রহমান বলেন, দেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে গণঅধিকার পরিষদ শুরু থেকেই বিএনপির সহযোদ্ধা হিসেবে রাজপথে রয়েছে। চলমান রাজনৈতিক বাস্তবতা এবং বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনায় গণতান্ত্রিক আন্দোলনকে আরও বেগবান করতেই তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থী সহিদুল আলম তালুকদারকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
