সম্রাটের দুর্নীতি মামলার রায় ২৫ ফেব্রুয়ারি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় রায় জানা যাবে আগামী ২৫ ফেব্রুয়ারি। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন রায়ের জন্য এই তারিখ ধার্য করেন।

আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে প্রসিকিউটর নুরে আলম যুক্তি তুলে ধরেন, সম্রাট পলাতক থাকায় তার পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়নি। জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এ মামলাটি করেন।

২০২০ সালের ২৬ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা। ২০২৫ সালের ১৭ জুলাই সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত। অভিযোগ গঠনের সময় আসামি পলাতক থাকায় তার জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। বিচার চলাকালীন ২১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত। ২০১৯ সালে ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার হন সম্রাট। এরপর তার বিরুদ্ধে অস্ত্র ও দুদকের আইনসহ বেশকিছু মামলা হয়। এর মধ্যে অস্ত্র আইনে তার যাবজ্জীবন সাজার রায় হয়। ২০২২ সালের আগস্টে জামিনে মুক্তি পান তিনি। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর তিনি পলাতক হন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত