ভারতের বিপক্ষে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসার বিনিময়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) কিছু ছাড় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে এসব ছাড়ের বিস্তারিত বিশ্বকাপ শেষ হওয়ার পর প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিসিবি–সংশ্লিষ্ট একটি সূত্র।
পিটিআইকে পিসিবির এক সূত্র বলেছে “ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট প্রত্যাহারের জন্য আইসিসি যে ছাড়গুলো দিতে সম্মত হয়েছে, সেগুলো টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই প্রকাশ করা হবে।”
প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি ইতোমধ্যেই নিশ্চিত করেছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। পাশাপাশি ২০২৮–৩১ চক্রে বাংলাদেশকে একটি আইসিসি ইভেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে, যেখানে অনূর্ধ্ব–১৯ পুরুষ বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনাই বেশি।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ঘোষণা দিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি সংহতি জানিয়ে কলম্বোয় ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করবে পাকিস্তান দল। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশকে সরিয়ে দেওয়া হয়েছিল।
তবে টানা কূটনৈতিক আলোচনা ও নেপথ্য যোগাযোগের পর সেই সিদ্ধান্ত থেকে সরে আসে পাকিস্তান। আলোচনায় শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দিসানায়েকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলেও পিটিআই জানিয়েছে।
আরেকটি সূত্রের বরাতে পিটিআই জানায়, পিসিবির পৃষ্ঠপোষক হিসেবে প্রধানমন্ত্রীকে জানানো হয়েছিল—ভারতের বিপক্ষে খেলতে সম্মতি দিলে পাকিস্তান কী ধরনের কৌশলগত সুবিধা পেতে পারে।
এদিকে আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে বিশ্বকাপের পর্বে আবার ভারত ও পাকিস্তানের মুখোমুখি হলে সেই ম্যাচ খেলতে আর কোনো বাধা থাকবে না।
