চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবাসহ উপজেলা কৃষক দলের আহ্বায়ক সালউদ্দিন সুমনকে (৪৮) আটক করেছে যৌথবাহিনী। বুধবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বরুমছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথবাহিনী। এ সময় তার কাছ থেকে ২৮ ইয়াবা জব্দ করা হয়। পরে তাকে ইয়াবাসহ আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার সালাউদ্দীন সুমন আনোয়ারা উপজেলা কৃষক দলের আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
এর আগে সালাউদ্দিন সুমনের ইয়াবা সেবনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় নানান বিতর্ক সৃষ্টি হয়।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন,‘ভোররাতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
