অসাধ্য নির্বাচন

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ এএম

মূল : হোলিও কোর্তাসার

ভাষান্তর : মীম আরাফাত মানব

সে মানবে না।

কিছুতেই মানবে না।

তাকে বলা হয়েছে, তাকে একটা কলা,

গাব্রিয়েল মার্সেলের একটা মোটা বই, তিন জোড়া নাইলনের মোজা, একটা কফি বানানোর মেশিন, সাথে ওয়ারেন্টি, একজন স্বর্ণকেশী সুন্দরী, যার স্বভাব ক্ষণে ক্ষণে পাল্টায়, আর দ্রুত অবসর গ্রহণের ভেতর থেকে একটা কিছু বেছে নিতে হবে।

কিন্তু সব কিছুর পরেও, সে ঠিক মানতে পারছে না।

তার এই ইতস্তত আচরণ ঘুম কেড়ে নিয়েছে কিছু আমলার, একজন পাদ্রীর আর এলাকার পুলিশ বাহিনীর।

যেহেতু সে সিদ্ধান্তহীনতায় ভুগছে, তারা ভাবছে,

ওকে দেশ থেকেই বের করে দিতে হবে কী না।

তারা নরম ভাষায়, কোনো আক্রমণ ছাড়াই, তাকে জানিয়েছে সে কথা।

সে বলেছে, ঠিক আছে, আমি কলা নিচ্ছি।

                                    তারা অবশ্যই তাকে বিশ্বাস করে নাই।

এর চেয়ে অনেক শান্তির হতো, সে যদি কফি মেশিনে ভোট দিত,

                                    বা অন্তত সুন্দরীকে।

কী অদ্ভুত, সে কলা বেছে নিয়েছে! 

তারা সিদ্ধান্ত নিয়েছে বিষয়টি পুনর্বিবেচনা করার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত