মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় একটি ভোটকেন্দ্রের দেয়াল ও আশপাশে উসকানিমূলক রাজনৈতিক সেøাগান লেখাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত মঙ্গলবার রাতের কোনো এক সময়ে উপজেলার তালেবপুর ইউনিয়নের ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র সংলগ্ন বিভিন্ন দেয়ালে রঙ দিয়ে কয়েকটি রাজনৈতিক সেøাগান লেখা হয়। এর মধ্যে ছিল ‘জয় বাংলা’, ‘নো ভোট’, ‘শেখ হাসিনা ছাড়া কীসের ভোট’, ‘নৌকা ছাড়া কীসের ভোট’, ‘আমার মার্কা নৌকা’ ইত্যাদি। বুধবার সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে আসে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়ালে লেখা স্লোগানের ছবি ছড়িয়ে পড়লে আলোচনা-সমালোচনা শুরু হয়।
তালেপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাজমুল হক রনি বলেন, ‘এটি নির্বাচন বানচালের পরিকল্পিত একটি ষড়যন্ত্র। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। যারাই করুক তারা এ ষড়যন্ত্রে সফল হতে পারবে না। আমরা এ ধরনের অপচেষ্টা রুখে দেব।’
তালেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই বলেন, ‘ কে লিখেছে, তা আমরা জানি না। এই অপকর্মে যেই জড়িত হোক, সে হোক আমার আত্মীয় অথবা যদি আমার দলেরও কেউ হয়ে থাকে তার বিরুদ্ধেও প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।’
এ বিষয়ে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
