পশ্চিম শ্রীলঙ্কার একটি আদালত ২০২২ সালে ক্ষমতাসীন দলের এক সংসদ সদস্য ও তার নিরাপত্তা কর্মকর্তাকে হত্যার ঘটনায় অভিযুক্তদের মধ্যে ১৬ জনকে দোষী সাব্যস্ত করেছেন। মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। গত বুধবার দোষী সাব্যস্তদের মধ্যে ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে পশ্চিমাঞ্চলের গাম্পাহা শহরের উচ্চ আদালতের তিন সদস্যের বেঞ্চ। রায়টি বিভক্ত মতের ভিত্তিতে দেওয়া হয়েছে। আরও চারজনকে স্থগিত কারাদণ্ড দেওয়া হয়েছে।
২০২২ সালের ৯ মে তৎকালীন ক্ষমতাসীন শ্রীলঙ্কা পডুজনা পেরামুনা (এসএলপিপি) দলের সংসদ সদস্য আমরাকীর্তি আথুকোরালা এবং তার নিরাপত্তা কর্মকর্তা জয়ন্ত গুনাওয়ার্দেনা নিহত হন। তাদের গাড়ি উত্তর-মধ্যাঞ্চলের পোলোনারুয়া নির্বাচনী এলাকায় যাওয়ার পথে হত্যা করা হয়।
