গাইবান্ধা সদর উপজেলায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে শ্রী অমিতাভ চন্দ্র সুজন (৪০) নামের এক আইনজীবীর সহকারী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার বল্লমঝাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুজন ওই এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি জেলা জজ আদালতের একজন আইনজীবীর সহকারী (মহুরী) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে নিজ বাড়িতে বসবাস করতেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮ টার দিকে বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন সুজন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ বাড়ির গেট দিয়ে ভেতরে ঢুকে তাকে এলোপাতাড়ি ও মাথায় কুড়াল দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সুজনের স্ত্রী ও ভাই সুধান চন্দ্র রায় জানিয়েছেন, জমি নিয়ে ৩–৪ বছর ধরে স্থানীয় নরেশ চন্দ্রের সঙ্গে তার বিরোধ ছিল। সম্প্রতি নরেশ তাকে বিভিন্ন হুমকি দিয়েছিলেন। তাদের ধারণা, পূর্ব বিরোধের জের ধরে নরেশ পরিকল্পিতভাবে বাড়িতে ঢুকে কুড়াল দিয়ে সুজনের মাথায় আঘাত করেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মানুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং একটি কুড়াল উদ্ধার করে। নিহতের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ উদ্ঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
