গোলাম পরওয়ারের ভোট পুনর্গণনার আবেদন

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:১৮ পিএম

খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের পক্ষে ডুমুরিয়া উপজেলার ভোট পুনর্গণনা ও বাতিল ভোট পুনঃপরীক্ষার আবেদন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে তার নির্বাচনী এজেন্ট মিয়া গোলাম কুদ্দুস খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের কাছে এ আবেদন করেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত আবেদনে তিনি উল্লেখ করেন, আমি জামায়াতে ইসলামীর মনোনীত ও ১১ দলীয় নির্বাচনীয় ঐক্য সমর্থিত খুলনা-৫ এর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী এজেন্ট। খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার ভোট কেন্দ্রগুলোর প্রিজাইডিং অফিসার সঠিকভাবে বৈধ ব্যালট পেপার গণনা করেনি। এ ছাড়া সম্পূর্ণ অন্যায়ভাবে দাঁড়িপাল্লা প্রতীকের বৈধ ব্যালট পেপার বাতিল করে গণনাবহির্ভূত রেখে গণনা করায় প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবীর তুলনায় সামান্য ভোটের ব্যবধানে পরাজিত করা হয়েছে।

তিনি আরও বেলন, আমার পোলিং এজেন্টদের আপত্তি সত্ত্বেও প্রিজাডিং অফিসাররা বৈধ ব্যালট পেপার পুনর্গণনা করেননি ও বাতিল ভোটগুলো পুনঃপরীক্ষা করেননি। ফলে আমার বিশ্বাস বৈধ ব্যালট পেপারগুলো পুনর্গণনা ও বাতিলকৃত ভোটগুলো পুনঃপরীক্ষা করে একত্রে পুনর্গণনা করলে দাঁড়িপাল্লার বিজয় লাভ করবে। ন্যায়বিচারের স্বার্থে নির্বাচনী এলাকা খুলনা-৫ আসনের অন্তর্গত ডুমুরিয়া উপজেলার সকল কেন্দ্রের বৈধ ব্যালট পেপার পুনর্গণনা ও বাতিল ভোট পুনঃপরীক্ষা করে পুনর্গণনার দাবি জানাচ্ছি।

তবে খুলনা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ স ম জামসেদ খন্দকার বলেন, শুক্রবার আমার বরাবর আবেদন করেছেন। তবে বিষয়টি আমার হাতে নেই। এটির গেজেট হয়েছে। ইলেকশন কমিশন যদি ট্র্যাইবুনাল করে তাহলে তাকে সেখানে (ট্র্যাইবুনাল) যেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত