প্যালেস্টাইন অ্যাকশন নিষিদ্ধের সিদ্ধান্ত ‘অবৈধ’

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:১১ এএম

ফিলিস্তিনপন্থি প্রচার গোষ্ঠী ‘প্যালেস্টাইন অ্যাকশন’-এর ওপর যুক্তরাজ্য সরকারের দেওয়া নিষেধাজ্ঞাকে ‘অবৈধ’ ঘোষণা করেছে লন্ডন হাইকোর্ট। গত শুক্রবারের এই রায়কে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। রয়্যাল কোর্টস অব জাস্টিসের বিচারকরা প্যালেস্টাইন অ্যাকশনের ওপর ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞা খারিজ করে দেন। রায়ে বলা হয়, প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করার সিদ্ধান্তটি ছিল ‘অসামঞ্জস্যপূর্ণ’।

গাজায় ইসরায়েলি আগ্রাসন এবং এতে যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদ জানিয়ে আসছিল সংগঠনটি। এর জেরে গত বছরের জুলাইয়ে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার সরকার গোষ্ঠীটিকে নিষিদ্ধ করে। তাদের আল-কায়েদা ও আইএসের মতো সশস্ত্র গোষ্ঠীর কাতারে ফেলে ‘সন্ত্রাসী’ সংগঠন এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে অভিহিত করা হয়। আন্তর্জাতিক ফৌজদারি আইন ও মানবাধিকার বিশেষজ্ঞ ব্যারিস্টার শন সামারফিল্ড আল জাজিরাকে বলেন, এই রায় মূলত তাদের নির্দোষ প্রমাণ করেছে, যারা প্যালেস্টাইন অ্যাকশনের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত