ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ প্রার্থীর নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে গণভোটের সরকারি ফলও ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই গেজেট প্রকাশ করা হয়।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদ ও গণভোট হয়। সংসদীয় ৩০০ আসনের মধ্যে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফল গেজেট আকারে প্রকাশ করা হয়। আদালতের নির্দেশে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে ভোটগ্রহণ স্থগিত করা হয়। গেজেটে নির্বাচিত সংসদ সদস্যদের নাম, বাবার নাম, ঠিকানাসহ বিস্তারিত তথ্য রয়েছে।
গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪ কোটি ৮২ লাখ ৬৬ হাজার ৬৬০টি। আর ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। এ ছাড়া ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭টি ব্যালট বাতিল বলে গণ্য হয়েছে।
গেজেট প্রকাশের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের এবার শপথগ্রহণের পালা। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ জানিয়েছেন, নবনির্বাচিত সংসদ সদস্যরা তিন-চার দিনের মধ্যে শপথ নেবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, ‘শপথগ্রহণের পর নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো তাদের নিজ নিজ সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। আমরা আশা করছি, তিন দিনের মধ্যে অথবা সর্বোচ্চ চার দিনের মধ্যে শপথগ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হবে।’
