রাত তখন ২টা। হঠাৎ বেজে ওঠে ইমার্জেন্সি বেল। খবর আসে পাবনা বাজারে সড়ক দুর্ঘটনার। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন প্রয়োজনীয় সরঞ্জামাদি তুলে গাড়ি প্রস্তুত করছিল এই অফিসটি ঢাকা-বগুড়া মহাসড়ক লাগোয়া হওয়ায় মূল গেট থেকে গাড়ি যেন নির্বিঘ্নে বের হতে পারে এজন্য ফায়ার সার্ভিসের এক কর্মী মহাসড়কের গাড়িকে সিগন্যাল দিচ্ছিলেন যেন তাদের গাড়ি বের হয়ে যেতে পারে। সড়ক দুর্ঘটনায় আহতদের উদ্ধার অভিযানে যাওয়ার প্রস্তুতিকালে মূল গেটে দায়িত্ব পালন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন আহসান হাবিব (৪৬) নামের এক ফায়ার সার্ভিসের কর্মী।
শনিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন মহিপুরে অবস্থিত শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহসান হাবিব গাইবান্ধার সাঘাটা উপজেলার মৃত আবেদার রহমানের ছেলে। তিনি মহিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে চান্দাইকোনা সংলগ্ন বগুড়া বাজার এলাকায় একটি বড় সড়ক দুর্ঘটনার খবর পায় মহিপুর ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই সদস্যরা উদ্ধার অভিযানে রওনা দেওয়ার প্রস্তুতি নেন।
স্টেশন থেকে ফায়ার সার্ভিসের গাড়ি নিরাপদে বের করার জন্য আহসান হাবিব সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছিলেন। এ সময় বগুড়াগামী একটি দ্রুতগতির বাস দাঁড়িয়ে থাকা যানবাহনের ওপর সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আহসান হাবিবের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। কর্তব্যরত অবস্থায় এমন মৃত্যুর ঘটনায় সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।
শেরপুর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, দুর্ঘটনায় বাস ও ট্রাক জব্দের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
