জুলাই হত্যাকান্ড

সালমান-আনিসুলের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫০ এএম

জুলাই-আগস্টে গণঅভ্যুত্থান দমনে ব্যাপক হত্যাকা-সহ সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। গতকাল রবিবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল- ১ এ দুই আসামির বিরুদ্ধে সাক্ষ্য দেন অভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর-১০ এ গুলিবিদ্ধ হয়ে পা হারানো ইমরান হোসাইন ও শহীদ সিফাতের বাবা কামাল হাওলাদার। পরে তাদের জেরা শুরু করেন সালমান ও আনিসুল হকের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। এর আগে গত ১০ ফেব্রুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচারকাজ শুরু হয়।

গত ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে কারফিউ জারির মাধ্যমে মারণাস্ত্র ব্যবহারে উসকানি, প্ররোচনা ও ষড়যন্ত্রসহ জুলাই আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও হত্যাকা-ে সরাসরি জড়িত থাকার অভিযোগ এনেছে প্রসিকিউশন।

তাইম হত্যা মামলায় বিচার শুরুর আদেশ : ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার ছেলে কলেজছাত্র ইমাম হাসান তাইম হত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে এ আদেশ দেয়। এ হত্যা মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য ও আসামিদের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য জন্য আগামী ২৯ মার্চ দিন ধার্য করে আদালত। তাইম হত্যা মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ঢাকার ওয়ারি জোনের সাবেক ডিসি (উপ-পুলিশ কমিশনার) ইকবাল হোসাইনসহ ৯ আসামি এখনো পলাতক। কারাগারে আছেন যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ও সাবেক এসআই (উপপরিদর্শক) শাহাদাৎ আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত