২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে আয়কর-সম্পর্কিত বিভিন্ন আইন ও বিধি সংশোধন, সংযোজন বা পরিবর্তনের জন্য দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে প্রস্তাব এবং সুপারিশ আহ্বান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের কাছে ইতিমধ্যে তাদের প্রস্তাব এবং সুপারিশ চেয়ে চিঠি পাঠিয়েছে এনবিআর।
করব্যবস্থাকে আরও যুগোপযোগী ও অংশীদারত্বমূলক করার লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ ইতিমধ্যে শুরু করেছে এনবিআর।
জানা গেছে, এবারের বাজেট ১৯৯১ সালের পর এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বে গঠিত সরকারের বাজেট। এবারের সরকারের প্রধানমন্ত্রী আসনে রয়েছেন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চেলে তারেক রহমান। সংসদ সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। জাতীয় বাজেটও তার সরকারের প্রথম বাজেট।
১৫ মার্চের মধ্যে সুপারিশ ও প্রস্তাব পাঠাতে অনুরোধ করা হয়েছে। পেনড্রাইভেও প্রস্তাব দেওয়া যাবে। এ ছাড়া সরাসরি ই-মেইলের মাধ্যমেও প্রস্তাব-সুপারিশ পাঠানো যাবে।
