‘বাহা বঙ্গা’উৎসবে মেতেছে জাবির ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীরা

আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০৩:৪০ পিএম

সাঁওতাল সম্প্রদায়ের অন্যতম প্রধান ঐতিহ্যবাহী উৎসব ‘বাহা বঙ্গা’।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বর্ণিল সাংস্কৃতিক আয়োজনে দিনব্যাপী এ উৎসবে ঐতিহ্যবাহী সঙ্গীত, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। ‘বৈচিত্র্যের শক্তিতে ঐক্য, আর ঐক্যের শক্তিতে অধিকার’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার  (৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সপ্তম ছায়া মঞ্চে তৃতীয়বারের মতো সাঁওতাল বাহা বঙ্গা উৎসব অনুষ্ঠিত হয়।

এদিন সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন স্থানে বাহা পূজা আয়োজনের মাধ্যমে উৎসবের সূচনা হয়।

এরপর ঐতিহ্যবাহী সাঁওতালি পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীরা মাদল ও ঢামসা ঢোলের তালে পরিবেশন করেন বিখ্যাত বাহা নৃত্য। এছাড়া ফুল অর্পণ, বিভিন্ন ধর্মীয় আচার, সঙ্গীত পরিবেশনা ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সাঁওতালদের সমৃদ্ধ ঐতিহ্য তুলে ধরা হয়।

উৎসবে অংশ নেওয়া  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাহী সদস্য হেমা চাকমা বলেন, গত বছর সুন্দরবনে এই অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম এবং খুব ভালো লেগেছিল। তাই এ বছরও মিস করতে চাইনি। সকালে সাঁওতালদের ঐতিহ্যবাহী আচার ও উদযাপন দেখেছি। মঞ্চে তাদের অনুষ্ঠান ও পরিবেশনাও গত বছরের মতোই দারুণ ছিল।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলো সংস্কৃতি ও রাজনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশ্ববিদ্যালয়ে বাহা উৎসবের মতো সাঁওতালদের উৎসব উদযাপন করলে শুধু তাদের সংস্কৃতি সংরক্ষণই হয় না, বরং সারা দেশে এ বিষয়ে সচেতনতাও ছড়িয়ে পড়ে।

বঙ্গা উদযাপন কমিটি ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমির যৌথ আয়োজনে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সংগঠন আরফি ও গণকৃষ্টির সহযোগিতায় আয়োজিত এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থী, শিক্ষক ও সাঁওতাল সম্প্রদায়ের সদস্যরা অংশ নেয়।

সাঁওতালদের কাছে বাহা বঙ্গা মূলত ফুল উৎসব হিসেবে পরিচিত। ফাল্গুন ও চৈত্র মাসে বসন্ত ঋতুতে এই উৎসব পালিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত