র‍্যাংকিংয়ে উন্নতির 'বিরাট সুযোগ' দেখছেন মিরাজ

আপডেট : ১০ মার্চ ২০২৬, ০৪:১৫ পিএম

পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। বলা হচ্ছে, এই সিরিজ দিয়েই ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে লাল-সবুজের দল। তবে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে থাকতে হবে র‍্যাংকিংয়ের সেরা আটে। র‍্যাংকিংয়ে এগিয়ে যেতে সামনের ওয়ানডে ম্যাচগুলো বিরাট সুযোগ হিসেবে দেখছেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

আগামী দিনে বাংলাদেশের ২২টি ওয়ানডে ম্যাচ আছে। আজ মঙ্গলবার মিরপুরে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মিরাজের কাছে জানতে চাওয়া হয়, অধিনায়ক হিসেবে তার প্রধান চ্যালেঞ্জ কী? জবাবে তিনি বলেন, 'এই ২২টি ওয়ানডে আমাদের জন্য একটি বিরাট সুযোগ। ব্যাটিং অর্ডারের ক্ষেত্রে আমরা টিমের সেরা কম্বিনেশন তৈরির চেষ্টা করছি। আমাদের লক্ষ্য হলো র‍্যাংকিং উন্নত করা, তাই অতীতে যারা যে পজিশনে সফল হয়েছে, আমরা তাদের সেই পজিশনেই খেলানোর চেষ্টা করব যাতে তারা সেরা পারফরম্যান্স দিতে পারে।'

২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের পরিকল্পনার বিষয়ে অধিনায়ক বলেন, 'সামনে ওয়ানডে বিশ্বকাপ থাকায় আমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। আগে আমাদের ওয়ানডে ফরম্যাটে একটি ভালো প্যাটার্ন ছিল এবং অনেক সিনিয়র প্লেয়ার একসাথে দীর্ঘদিন খেলার কারণে সেটি ভালোভাবে বুঝতে পারত। বর্তমানে যারা দলে আছে, তাদের দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেকটি পরিস্থিতি অনুযায়ী মানিয়ে নেওয়া শিখতে হবে। আমরা এখন থেকেই সামনের দিকে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছি।'

বাংলাদেশ বর্তমানে র‍্যাংকিংয়ে ১০ নম্বরে আছে। ২০২৭ বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে হলে সেরা আট দলের মধ্যে থাকতে হবে। এ বিষয়ে মিরাজ বলেন, 'গত বিশ্বকাপের পর আমরা খুব বেশি ওয়ানডে ম্যাচ খেলিনি এবং যা খেলেছি তা অনেক গ্যাপে গ্যাপে ছিল, যা আমাদের জন্য কঠিন ছিল। তবে এ বছর আমাদের অনেকগুলো ওয়ানডে ম্যাচ আছে, তাই আমরা খুব ভালোভাবে পরিকল্পনা করতে পারব। আমাদের জন্য র‍্যাংকিং গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটি সিরিজ এবং প্রতিটি ম্যাচ ধরে আমরা এগোতে চাই।'

একইসঙ্গে লিটন দাসের মতো দলের সবাইকে আগলে রাখারও প্রতিশ্রুতি দিলেন মিরাজ, 'একটি দল তৈরি করতে হলে প্রত্যেক প্লেয়ারের পারফরম্যান্স প্রয়োজন এবং ক্যাপ্টেন হিসেবে তাদের সমর্থন করা জরুরি। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে এবং আমি তাদের পূর্ণ সমর্থন দেব। অনেক সময় ভালো খেলোয়াড়ও পারফর্ম করতে পারে না, সেক্ষেত্রে ক্যাপ্টেন ও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে তাদের পাশে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত