গোবিন্দগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০২:৪৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জামায়াত নেতা কর্মীদের বিরুদ্ধে বিএনপি কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের  দাবিতে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সাবেক আমীর ও কেন্দ্রীয় ইউনিট সদস্য ডা. আব্দুর রহিম সরকার।

তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ৫টি কেন্দ্রে বিএনপির নেতা কর্মীরা গোবিন্দগঞ্জে ৫টি ভোট কেন্দ্রে অবৈধভাবে সিল মেরে নেওয়া সহ বিভিন্ন কেন্দ্রে ব্যাপকহারে জাল ভোট প্রদান করে। এ ব্যাপারে ১৪ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে প্রতিবাদ করা হয়। এছাড়া এ বিষয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। আমার উক্ত মামলার কাউন্টার হিসেবে বিএনপি প্রায় ১ মাস পর গত ৯ মার্চ আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে গোবিন্দগঞ্জ থানায় একটি মিথ্যা মামলা দায়ের করে। যা শুধু উদ্দেশ্য প্রণোদিতই নয় এটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও হয়রানিমূলক। 

ডা. রহিম বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বড়দহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে কোনো রকম অনিয়ম, মারামারি, ধাওয়া-পাল্টা-ধাওয়া কিংবা পেট্রোল বোমা? ককটেল বিস্ফোরণের মতো কোনো ঘটনা ঘটেনি এবং স্থানীয় বা জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কোনো ঘটনার তথ্য নেই। সুতরাং বিএনপির এই মামলাটি শুধুমাত্র জামায়াত শিবিরের নেতা-কর্মীদের হয়রানি করার জন্য এবং তাদের অনিয়মকে আড়াল করার জন্য করা হয়েছে। 

তিনি আরো বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে যেভাবে ভুয়া ও মিথ্যা মামলা সাজানো হতো ঠিক একইভাবে এই মামলাটিও সাজানো হয়েছে।

ডা. রহিম বলেন, পুলিশ প্রশাসন কর্তৃক নেতা-কর্মীদের যেনো কোনো হয়রানি করা না হয় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। যদি অন্যায়ভাবে এই মিথ্যা মামলায় কোনো কর্মীকে গ্রেপ্তার করা হয় এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে এর দায়ভার প্রশাসন ও সরকারকে নিতে হবে। আমরা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহারের  দাবি জানাচ্ছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত