গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় ডাকাতির মাত্র আধা ঘণ্টার মধ্যেই ১৯টি গরুসহ ছিনতাই হওয়া একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদলের সদস্যরা ট্রাকটি ফেলে পালিয়ে যায়। সদর থানা ওসি মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত মঙ্গলবার রাত আড়াইটার দিকে বিভিন্ন মাধ্যমে পুলিশ খবর পায়, ময়মনসিংহের ভালুকা থানার হাইওয়ে এলাকা থেকে ডাকাতরা ১৯টি গরুসহ একটি ট্রাক ডাকাতি করেছে। ডাকাতরা ট্রাকের ড্রাইভার, হেলপার, গরুর রাখাল ও মালিকদের হাত-পা বেঁধে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ফেলে রেখে ট্রাকটি নিয়ে ঢাকার দিকে রওনা দেয়।
পরে বেতার বার্তার মাধ্যমে অন্য টহল দলকে সতর্ক করা হলে টহলদলটি ট্রাকের পিছু ধাওয়া করে। একপর্যায়ে রাত সোয়া তিনটার দিকে মহানগরীর সালনা ফরেস্ট অফিসের সামনে পুলিশ ট্রাকটিকে থামার সংকেত দিলে ডাকাত সদস্যরা গরুসহ ট্রাকটি রাস্তার পাশে ফেলে পালিয়ে যায়।