খাদ্যে টেক্সটাইলের রং, কুড়িগ্রামে ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ১২ মার্চ ২০২৬, ০৬:০০ পিএম

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সেমাই উৎপাদন ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারিপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে কুমিল্লা বেকারির মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন ও বিএসটিআই রংপুর কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এ অভিযানে উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অবস্থিত কুমিল্লা বেকারির কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক খন্দকার জামিনুর রহমান এবং ভুরুঙ্গামারী থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযান চলাকালে বেকারি ও লাচ্ছা সেমাই উৎপাদন কক্ষ পরিদর্শন করে দেখা যায়- খাদ্য রংয়ের পরিবর্তে টেক্সটাইলের রং ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল সেমাইসহ বিভিন্ন খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল এবং খাদ্য সংরক্ষণের ক্ষেত্রেও প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানা হচ্ছিল না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাৎ হোসেন বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং বাজারে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। একই সঙ্গে সকল খাদ্য ব্যবসায়ীকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির জন্য সতর্ক করা হচ্ছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত