বাংলাদেশ ও চীনের মধ্যে পররাষ্ট্র সচিবপর্যায়ে বৈঠক আগামী এপ্রিল মাসের শুরুতে হবে। এ বৈঠকে চীনা প্রতিনিধিদলের নেতৃত্ব দিতে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং দুই দিনের সফরে আগামী ২ এপ্রিল ঢাকা আসছেন।
দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ‘কূটনৈতিক পরামর্শমূলক’ এ বৈঠকে (ফরেন অফিস কনসালটেশন-এফওসি) বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডংয়ের আসন্ন সফর সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন।
সান ওয়েইডংয়ের এই সফরে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পূর্ণ পরিসর পর্যালোচনা করা হবে এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য নতুন পথ অন্বেষণ করা হবে।
চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এই সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
কূটনৈতিক বিশ্লেষকেরা মনে করেন, বাংলাদেশ নতুন সরকার দায়িত্ব গ্রহণের পরপরই চীনের সঙ্গে পররাষ্ট্র সচিবপর্যায়ে বৈঠকের রাজনৈতিক ও কৌশলগত গুরুত্ব রয়েছে।
২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের পর এবারই প্রথম চীনের সঙ্গে পররাষ্ট্র সচিবপর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপির নতুন সরকারের শপথের দিন ঢাকা সফর করেন আঞ্চলিক ক্ষেত্রে চীনের প্রতিদ্বন্দ্বী ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। গত সপ্তাহে ঢাকা ঘুরে গেলেন যুক্তরাষ্ট্রের সহকারী মন্ত্রী পল কাপুর।
