জুলাই সনদ বাস্তবায়ন, রাষ্ট্রপতিকে অভিশংসনসহ বেশ কিছু দাবি জাতীয় সংসদের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল বৃহস্পতিবার সংসদ চলাকালে জাতীয় সংসদ ভবনের সামনে দলটির নেতাকর্মীরা এ কর্মসূচি পালন করেন।
এ সময় নেতাকর্মীদের হাতে বিভিন্ন দাবি-সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোয় লেখা ছিল রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে, জুলাই গণহত্যার বিচার করতে হবে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে গণভোট অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন চাই ইত্যাদি।
অবস্থান কর্মসূচিতে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে গণভোটের জনরায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, ৫ আগস্টের পর থেকেই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি বিভিন্ন নাগরিক প্ল্যাটফর্ম থেকে এসেছে। সে সময় সংবিধানের দোহাই দিয়ে এবং নানা সংকট ও অস্থিতিশীলতার কথা বলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। সংসদ এখন আইনগতভাবে রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। ফ্যাসিবাদের সর্বশেষ চিহ্ন এই রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে। তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির বক্তব্যের সময় আমরা দেখতে চাই, কারা সংসদে বসে রাষ্ট্রপতির বক্তব্য শুনছেন। এখান থেকেই বাংলাদেশ দুভাগে বিভক্ত হবে। একটি হলো ফ্যাসিবাদের পক্ষে, আরেকটি হলো ফ্যাসিবাদের বিপক্ষে। যারা ফ্যাসিবাদের বিপক্ষে আছেন, তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দেওয়ার সুযোগ না দেন। তারা যেন রাষ্ট্রপতিকে বক্তব্য দিতে বাধা সৃষ্টি করেন এবং অভিশংসনের দাবি তোলেন।
নারী শক্তির আহ্বায়ক মুনিরা শারমিন বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের ফসল হলো এই সংসদ। আমরা চেয়েছিলাম, জুলাই সংবিধান বাস্তবায়নে সব দল ভূমিকা রাখবে, কিন্তু এসিপি, জামায়াতে ইসলামীসহ সমমনা কয়েকটি দল জুলাই সংবিধান বাস্তবায়নের শপথ নিলেও বিএনপি তা করেনি। আমরা এটা চাইনি। আমরা এনসিপিসহ জুলাই শহীদদের এই অবস্থান থেকে সরকারসহ সব দলের প্রতি আহ্বান জানাই, সংবিধান সংস্কার পরিষদে শপথ নিয়ে গণভোটের ম্যান্ডেট অনুযায়ী কাজ করুক।’
