ঝিনাইদহ শহরের দোকানগুলোতে উপচেপড়া ভিড়

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০১:২৫ এএম

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ঝিনাইদহ জেলা শহরের বিভিন্ন বিপণিবিতান ও শপিংমলে এখন জমে উঠেছে ঈদের কেনাকাটা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড়ে মুখর থাকছে শহরের প্রধান বাণিজ্যিক এলাকাগুলো। বিশেষ করে বিকেলের পর থেকে তারাবির নামাজ পর্যন্ত দোকানপাটে উপচেপড়া ভিড় দেখা যাচ্ছে। শহরের পৌরসভার সামনে বিভিন্ন শপিংমল ও ফ্যাশন হাউজে এখন ক্রেতাদের ঢল নেমেছে। বন্ড ফ্যাশন, ইউনিক ফ্যাশন, ইউনিক ফ্যাশন লেডিস, টার্গেট ফ্যাশন, টার্গেট ফ্যাশন বেবি, ব্লু-ড্রিম ফ্যাশন, স্মার্ট পার্ক ফ্যাশন, স্মার্ট ক্লাব ফ্যাশন এবং লুকস ফ্যাশনসহ বিভিন্ন দোকানে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচাকেনা। ঈদ কেন্দ্র করে নতুন নতুন পোশাকের সম্ভার সাজিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছেন ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা জানান, রমজানের শুরুতে বাজারে কিছুটা স্থবিরতা থাকলেও ২০ রমজান পার হওয়ার পর থেকেই কেনাকাটার চাপ বেড়েছে। বিশেষ করে ইফতারের পর থেকে রাত পর্যন্ত দোকানগুলোয় ক্রেতাদের ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। অনেকেই পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে ঈদের কেনাকাটায় বের হচ্ছেন। শহরের বিভিন্ন বিপণিবিতান ঘুরে দেখা যায়, নারী ও শিশুদের পোশাকের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড়। নতুন ডিজাইনের থ্রি-পিস, শাড়ি, কুর্তি ও ফ্যাশনেবল পোশাকের পাশাপাশি পুরুষদের পাঞ্জাবির চাহিদাও বেশ বেড়েছে। দেশীয় ফ্যাশনের পাশাপাশি আধুনিক ডিজাইনের পোশাকও ক্রেতাদের নজর কাড়ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে অনেক দোকানেই দেওয়া হচ্ছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার।

বন্ড ফ্যাশনের ম্যানেজার জহিরুল ইসলাম জানান, ‘প্রতিদিনই ক্রেতাদের ভিড় বাড়ছে। বিশেষ করে রাতের দিকে বিক্রি সবচেয়ে বেশি হচ্ছে।’

ইউনিক লেডিস ফ্যাশনের ম্যানেজার নয়ন হোসেন বলেন, ‘নারী ও শিশুদের পোশাকের চাহিদা এবার বেশি। নতুন ডিজাইনের থ্রি-পিস ও কুর্তি ক্রেতারা বেশি কিনছেন। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই ক্রেতাদের চাপ বাড়ছে।’

কলেজছাত্রী মেজবা খাতুন বলেন, ‘ঈদ সামনে রেখে নিজের জন্য কয়েকটি পোশাক কিনতে এসেছি। মার্কেটে অনেক সুন্দর নতুন ডিজাইনের পোশাক এসেছে, তাই পছন্দ করতে একটু সময় লাগছে।’

অপর ক্রেতা কলেজছাত্র লিখন হাসান মুন্না বলেন, ‘বন্ধুদের সঙ্গে ঈদের কেনাকাটা করতে এসেছি। পাঞ্জাবি ও জুতা কিনেছি। ঈদের সময় নতুন পোশাক পরার আনন্দই আলাদা।’

ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. আনোয়ারুল ইসলাম বাদশা জানান, ‘ঈদ সামনে রেখে ঝিনাইদহ শহরের ব্যবসা-বাণিজ্যে প্রাণ ফিরে এসেছে। আশা করছি ঈদের আগপর্যন্ত কেনাবেচা আরও বাড়বে।’

ঝিনাইদহ জেলা পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, ‘ঈদের কেনাকাটাকে কেন্দ্র করে মার্কেট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং যেকোনো ধরনের অপরাধ ও যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও ট্রাফিক বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে।’

সর্বশেষ সর্বাধিক পঠিত