কিশোরগঞ্জে দুপক্ষের ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে সুমন (৪২) নামের এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায়।
নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি কিশোরগঞ্জ শহরের বড় বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল মিয়া নামের এক ব্যক্তি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০/১২ দিন আগে জমিজমা নিয়ে সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার (৫০) বাগবিত-া হয়। সেই বিরোধের জেরে গতকাল সিরাজুলের ছেলে রুবেল দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালান। এ সময় বড় বাজারের ব্যবসায়ী প্রতিবেশী সুমন পরিস্থিতি শান্ত করতে এবং দুলালকে বাঁচাতে এগিয়ে আসেন। এতে ক্ষিপ্ত হয়ে ব্যবসায়ী সুমনকে ছুরিকাঘাত করেন রুবেল। হামলায় সুমন ও দুলাল দুজনই রক্তাক্ত জখম হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। আহত দুলাল মিয়া সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে বিকেলে অভিযুক্ত রুবেল মিয়াকে (৩২) আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, অভিযুক্ত রুবেলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
