নাটোর শহরের কান্দিভিটুয়ার কদমতলী মোড়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বাবা আবুল কালাম আজাদ (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছেলে কাউসার মাহমুদ (২৫) গুরুতর আহত হয়েছেন। গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের কান্দিভিটুয়া এলাকায় কদমতলী মোড়ে এ ঘটনা ঘটে। নিহত আবুল কালাম আজাদ একই এলাকার শাহাজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক দিন আগে রাস্তায় মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সঙ্গে আবুল কালাম আজাদের ছেলে কাউসার মাহমুদের বাগবিতণ্ডার ঘটনা ঘটে। এরই জের ধরে গত সোমবার গভীর রাতে প্রতিপক্ষ আলামিন, হামজা, রহিম, তার ছেলেরাসহ ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে আবুল কালাম আজাদ ও তার ছেলে কাউসার মাহমুদের ওপর হামলা চালায়। তাদের ছুরিকাঘাতে বাবা আবুল কালাম আজাদ ও ছেলে কাউসার মাহমুদ গুরুতর জখম হন। পরিবার ও স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বাবার মৃত্যু হয়। এ সময় ছেলেকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলমান রয়েছে।’
